ভোলায় ঢাকাগামী লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার ইস্পিতার মরদেহ উদ্ধার করেছে নৌপুলি রোববার (২২ জুন) নিহত সুকর্ণার বাবা মাসুদ রানা লক্ষ্মীপুর গিয়ে তার মেয়ের পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। সোমবার (২৩ জুন) এ বিষয়ে তিনি মামলা করবেন বলে জানান।
এর আগে শনিবার (২১ জুন) রাতে লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে ছাত্রদল নেত্রী সুকর্ণার মরদেহ উদ্ধার করা হয়। সুকর্ণা আক্তার ওরফে ইস্পিতা ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। কলেজ শাখা ছাত্রদলের সদস্য হিসাবে নতুন কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদের জন্য ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে। তার বাড়ি পৌরসভার কলেজ রোডে।
এদিকে মরদেহ উদ্ধার ও পুলিশের হত্যা মামলা দায়েরের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তাকে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন কথা চলছে। ইতিমধ্যেই এ নিয়ে জেলা ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনকে জড়িয়ে নানা মুখরোচক খবর ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে নিশ্চিত করে পুলিশ কিছু জানাতে পারেনি।
ভোলা সদর থানা পুলিশ ও লঞ্চ স্টাফদের তথ্য অনুযায়ী, গত ১৭ জুন সকাল ১০টায় ভোলার ইলিশা ঘাট থেকে এমভি কর্ণফুলী- ৪ লঞ্চে ঢাকায় রওয়ানা হন সুকর্ণা আক্তার ইস্পিতা। মাঝপথে মেঘনায় ঝাঁপ দেন তিনি। এ ঘটনার চারদিন পর শনিবার লক্ষ্মীপুর থানার মেঘনা নদী থেকে সুকর্ণার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।